কুমিল্লার মেঘনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ জন আহত
দিগন্ত জার্নাল ডেস্ক:
কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে সংঘটিত এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়দের মতে, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল বারেক (৬৫) এবং একই ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ রবি (৩৫)। সম্প্রতি বালু উত্তোলনের বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে টেটা দিয়ে হামলার ঘটনা ঘটে, যার ফলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজনের চোখে টেটা বিদ্ধ হয়ে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, “সংঘর্ষের সময় দু’পক্ষই টেটা যুদ্ধে লিপ্ত হয়। আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।” মেঘনা থানার ওসি আব্দুল জলিল জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”