রামগতিতে দুর্যোগ প্রস্তুতি দিবসে বিএনপি ‘র সাথে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি
দিগন্ত জার্নাল ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গত সোমবার একটি র্যালির আয়োজন করে। এই র্যালিতে অংশগ্রহণ করেন বিএনপি এবং আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা, যা পরবর্তীতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
র্যালির বেশ কয়েকটি স্থির চিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ছবিগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ইউএনও পরে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিগুলি মুছে ফেলেন।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ইউএনওর ডান পাশে রয়েছেন চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মঞ্জুর, চর রমিজ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম দিদার, এবং চরপোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার। এদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন ও সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন বাম পাশে দাঁড়িয়ে আছেন।
এই ছবি দেখে সামাজিক মিডিয়ায় নানা মন্তব্য আসতে থাকে। বোরহান উদ্দিন রোমান নামের একজন তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, ‘রামগতির আওয়ামী লীগ এখন বিএনপির বি টিম।’ একইভাবে, মোখলেসুর রহমান নামে একজন লেখেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির র্যালি।’
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন বলেন, “ইউএনওর আমন্ত্রণে দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালিতে অংশ নিয়েছি। আমি জানতাম না সেখানে আওয়ামী লীগের নেতারা থাকবেন, পরে মানবিক কারণে র্যালিটি বয়কট করিনি।”
এছাড়া, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইউএনও আমজাদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।