আমরা আধিপত্যবাদবিরোধী শহিদ নেতৃবৃন্দকে ভুলে যাব না: এস এম ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে বলেছেন, “আমরা আধিপত্যবাদবিরোধী শহিদ নেতৃবৃন্দকে ভুলে যাব না। স্রেফ রাজনৈতিক স্বার্থে শহিদদের ওপর অপবাদ দেওয়া মেনে নেব না।”
বুধবার দিবাগত রাতে করা পোস্টে তিনি প্রয়াত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে স্মরণ করেছেন এবং বলেছেন, “শহিদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের মাথার তাজ। শ্রদ্ধাভরে স্মরণ করছি শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে, আজ (১৩ মার্চ) তার জন্মদিন।”
তিনি আরও উল্লেখ করেন, “আজকে যদি রাজনৈতিক কারণে আমাদের কোনো সাবেক সাথীও আধিপত্যবাদের শিকার শহিদ নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের সহযোগী বলে, কালকে নতুন কেউ জুলাইয়ের শহিদদেরও রাজনৈতিক কারণে ‘জুলাই ষড়যন্ত্রকারী’ সম্বোধন করতে পারে, এমন আশঙ্কা থেকে যায়।”
এস এম ফরহাদ বলেন, “শাহবাগি আন্দোলনে কেউ কেউ ভুল বুঝে গিয়েছেন বা না বুঝে গিয়েছেন। শাহবাগি প্রোপাগান্ডায় না বুঝেই শহিদদের ভিলেন ভেবেছেন। তবে বোধোদয় হওয়া এসব মানুষ আমাদের দীর্ঘদিনের ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের সাথি। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ-অনুযোগ নাই।”
তিনি আরও যোগ করেন, “কিন্তু তাই বলে শাহবাগের বিচারের দাবি বন্ধ হবে না। শহিদদের রক্ত হালাল হয়ে যাবে না। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার হতে হবে। সব ধরনের গণহত্যার বিচার হতে হবে। কিন্তু বিচারের নামে নিরপরাধ মানুষকে হত্যা আমরা মেনে নেই নাই, নিচ্ছি না, নেব না।”