জাতীয় নির্বাচন আগে প্রয়োজন, স্থানীয় নির্বাচন করলে বিশৃঙ্খলা বাড়বে: মাহমুদুর রহমান মান্না
দিগন্ত জার্নাল ডেস্ক:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সংখ্যাগরিষ্ঠ দলের মত অনুযায়ী আগে জাতীয় নির্বাচন দেওয়া প্রয়োজন। তিনি বলেন, জাতীয় নির্বাচন না দিলে ক্ষমতায় যাওয়া দল স্বৈরাচারী হয়ে উঠবে, এমন চিন্তা করে নির্বাচন পিছিয়ে দিয়ে কিছুই ঠেকানো সম্ভব নয়। পরিবর্তন আনার জন্য রাজনীতিতে লড়াই চালিয়ে যেতে হবে।
শুক্রবার রাজধানীর উত্তরায় উত্তরা কমিউনিটি সেন্টারে ‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় নাগরিক ঐক্য, ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে এবং এই সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যা সামাল দেওয়া কঠিন হবে।
মাহমুদুর রহমান মান্না মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘নতুন বাংলাদেশের লক্ষ্য ছিল যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, খাদ্য সংকট থাকবে না এবং মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।’
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘ঐকমত্য কমিশনের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ দল জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে, সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সংখ্যাগরিষ্ঠের মতকে প্রাধান্য দিতে হবে।’
আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান স্থানীয় নির্বাচনের দাবি নিয়ে সতর্ক করে বলেন, ‘এটা রাজনৈতিক স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।’
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ডাকসুর সাবেক জিএস মোস্তাক আহমেদসহ গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ সভায় বক্তব্য রাখেন।