মানবিক বিষয়ে আমাদের কোনো দলমতের ভেদাভেদ নেই: আমিরে জামায়াত
দিগন্ত জার্নাল ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যার ঘটনায় বিএনপি পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং মামলা চালানোর দায়িত্ব নিয়েছে। তিনি বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, জামায়াত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের শিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় জামায়াত আমির ভুক্তভোগী পরিবারের শিশুদের লেখাপড়া ও চিকিৎসা খরচসহ পরিবারের ব্যয়ভার বহনের ঘোষণা দেন।
পরে বরগুনার টাউন হল মাঠে এক পথসভায় তিনি বলেন, “আমরা ভারাক্রান্ত মনে হাজির হয়েছি। আপনারা জানেন, এই সদর উপজেলায় গত বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এক অবুঝ শিশুকে নির্যাতন করা হয় এবং তার বাবা প্রতিকার চেয়ে মামলা করেছিলেন, যা ছিল তার নাগরিক অধিকার। কিন্তু সেই মামলার জেরে তাকে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, নিহত মন্টু চন্দ্র দাস ছিলেন একজন সাধারণ মুরগির দোকানের কর্মচারী। তার বৃদ্ধ মা, স্ত্রী এবং আড়াই মাস বয়সী শিশুসহ তিনটি কন্যাসন্তান রয়েছে। তাকে হত্যা করার মাধ্যমে পরিবারটিকে অভিভাবকহীন করে ফেলা হয়েছে।
শফিকুর রহমান দাবি করেন, “৯০ দিনের মধ্যে মামলার রায় বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। পরিবারটি এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে কিছু সহযোগিতা পেলেও তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, সাহস রাখুন, আমরা আপনাদের পাশে আছি।”
পরিবারের দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি বলেন, “আমি শিশুটিকে কোলে নিয়ে বলেছি, এই শিশুদের বেড়ে ওঠা, শিক্ষা, চিকিৎসা ও পরিবারের ব্যয় নির্বাহের দায়িত্ব জামায়াত ইসলামী গ্রহণ করল। এই শিশুরা যেন তাদের বাবার অনুপস্থিতিতেও ভালোভাবে বেড়ে ওঠে, আমরা সেই নিশ্চয়তা দেব।”
তিনি বলেন, “মানবিক বিষয়ে আমাদের কোনো দলমতের ভেদাভেদ নেই। যেখানে নির্যাতন, সেখানেই আমরা মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।”