যুবদলের পরিচয়ে দখল বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান
দিগন্ত জার্নাল ডেস্ক :
জাতীয়তাবাদী যুবদল অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং তাদের পরিচয় নিশ্চিত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে।
সোমবার যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, এক শ্রেণির দুষ্কৃতকারী যুবদলের পরিচয় ব্যবহার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
বিবৃতিতে বলা হয়, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এসব দুষ্কৃতকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা জনসাধারণের স্বাভাবিক চলাচল বিঘ্নিত করছে। যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্যকেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সোচ্চার রয়েছে এবং কারও ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হলে তার বিরুদ্ধে দলীয় ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।
এছাড়া, যুবদল সংগঠনের পরিচয় ব্যবহার করে অবৈধ দখল বাণিজ্যে জড়িত অপরাধীদের সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুবদলের পরিচয় ব্যবহার করে এ ধরনের ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে অপরাধীকে আটক করে যুবদলের কেন্দ্রীয় দপ্তরে (নুরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, ০১৮১৯২-৯৫১০৬ এবং মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক, ০১৭১২০-৬১১৯৮) জানানো জন্য সাধারণ জনগণ ও ভুক্তভোগীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।