আরাভ খানসহ আটজনের রায় ফের পিছিয়ে ৯ এপ্রিল ধার্য - দিগন্ত জার্নাল

আরাভ খানসহ আটজনের রায় ফের পিছিয়ে ৯ এপ্রিল ধার্য

দিগন্ত জার্নাল ডেস্ক :

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানসহ আটজনের রায় ফের পিছিয়ে আগামী ৯ এপ্রিল ধার্য করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করা হয়। এর আগে গত ৫ মার্চ মামলার রায়ের জন্য দিন নির্ধারিত ছিল, কিন্তু সেদিনও রায় প্রস্তুত না হওয়ায় আজ মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, ইমরানের বন্ধু রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান এবং সারোয়ার হোসেন।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৮ এপ্রিল তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দেন।

an adbox will go here