সব মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান - দিগন্ত জার্নাল

সব মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের ‘হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুস লেনদেন’-এর অভিযোগে তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দেন।

এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুস নেওয়া হয়েছিল। এক-এগারোর সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি করেছিল। ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।

বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো আইনি বাধা নেই।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে খালাস পান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রের নির্বাহী আদেশে মুক্তি পান ৬ আগস্ট।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, আইনি বাধা কেটে গেলেও তার ফেরার সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।

an adbox will go here