শেখ হাসিনা ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি: রিজভী - দিগন্ত জার্নাল

শেখ হাসিনা ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি: রিজভী

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা জোর করে, রায় দিয়ে, রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।”

সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে দাবি করেন।

রিজভী বলেন, “আওয়ামী লীগ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করতো। স্বাধীনতার পর থেকেই তারা লুটপাট, অপকর্ম ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে মানুষ নির্ভয়ে ঘরের দরজা খুলে ঘুমাতো। এখনকার মতো বিদেশি কিছু এজেন্ট তখনও চক্রান্ত করত, তবে তা ব্যর্থ হয়েছিল।”

তিনি আরও বলেন, “ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। দেশে স্বৈরাচার কখনো টিকে থাকতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর প্রবাসে থেকেও গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।”

বর্তমান সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “কিছু পণ্যের দাম কমলেও নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল ও মুরগির দাম হুহু করে বাড়ছে। এ বিষয়ে সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

an adbox will go here