গাজাবাসীর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজন: এনসিপি নেতা প্রীতম - দিগন্ত জার্নাল

গাজাবাসীর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজন: এনসিপি নেতা প্রীতম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে গাজায় নারী ও শিশুদের গণহত্যা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় নেত্রকোণা জেলা শহরের বড় বাজার এলাকার সিএফসি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ বলেন, “গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে আমাদের আরও সোচ্চার হতে হবে। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা যারা মানবাধিকার ও ন্যায়বিচার চাই, তাদের উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা এবং আন্তর্জাতিক মহলে জোরালো প্রতিবাদ জানানো।”

তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বব্যবস্থায় আমাদের প্রয়োজন এমন একজন আন্তর্জাতিক মানের লিডার, যিনি মুসলিম বিশ্বের সকল নির্যাতিত জাতির পাশে দাঁড়াতে পারবেন এবং যেকোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। আমাদের নিজেদের মধ্যে বিভাজন না রেখে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাফত আন্দোলনের উপদেষ্টা মুফতি আব্দুল বারী, জেলা সভাপতি মাওলানা খাইরুল বাশার, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক খান, নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনার আলো ডটকমের সম্পাদক প্রকাশ সোহেল রেজা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ আরো অনেকেই।

বক্তারা গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশের জনগণকে মানবতার পক্ষে সোচ্চার থাকার অনুরোধ করেন। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

an adbox will go here