সমাজ সংস্কার ও গুণগত নেতৃত্বের আহ্বান হাসনাত আব্দুল্লাহর - দিগন্ত জার্নাল

সমাজ সংস্কার ও গুণগত নেতৃত্বের আহ্বান হাসনাত আব্দুল্লাহর

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমাদের দেশের নেতৃত্ব ভণ্ডামিতে ভরপুর। তারা যা করতে বলেন, নিজেরা তা করেন না। যারা সার্ভিস প্রোডিউস করে, তারা কখনোই সেই সার্ভিসের ভোক্তা নন। তাই নেতৃত্বের জায়গায় গুণগত পরিবর্তন আনতে হবে এবং এসব প্রতারকদের মুখোশ উন্মোচন করতে হবে।”

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরে তিনি বলেন, “সমাজে কিছু সুদখোর, ঘুষখোর আছে, যারা শুধুই সালিশ-দরবার ও থানার আশপাশে ঘোরাফেরা করে। এমনও কিছু মানুষ তৈরি হয়েছে, যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি, অথচ তাদের লক্ষ্য স্কুল কমিটির সভাপতি হওয়া। দোষ আসলে আমাদেরই, কারণ আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না। সমাজ থেকে এসব প্রতিবন্ধকতা দূর করতে হবে, সম্মিলিত প্রচেষ্টায় সমাজ সংস্কার করতে হবে এবং সুদ-ঘুষের প্রথা থেকে বেরিয়ে আসতে হবে।”

দেবিদ্বারের নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “এখানে নেতৃত্ব পেয়েছে তারা, যারা কখনো দেবিদ্বারে থাকেনি, দেবিদ্বারের অলিগলি চেনে না, এখানকার বাজার থেকে কিছু কেনে না, এমনকি এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনাও করেনি। দেবিদ্বারের সমস্যা তারা জানেই না। শুধু বংশ পরম্পরার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা এখানে এসেছে। অথচ দেবিদ্বারের আসল সমস্যা জানে এখানকার সাধারণ মানুষ, যারা এখানকার ধুলোমাটি থেকে বেড়ে উঠেছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও ইসলাম আরাফাত প্রমুখ।

an adbox will go here