বাংলাদেশের সাহসী নারীদের মার্কিন ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার
দিগন্ত জার্নাল ডেস্ক:
৩০ মার্চ ২০২৫ রোববার, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেয়েছেন। তারা ‘মেডেলিন অলব্রাইট অনারারী গ্রুপ’ পুরস্কারে ভূষিত হয়েছেন, যা ৯০ দশকের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের নামে প্রবর্তিত।
শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করবেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ আন্দোলনে এই সাহসী নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হুমকি ও সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী ও পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেন। পুরুষ সহকর্মীদের গ্রেফতার করা হলেও তারা আন্দোলন চালিয়ে যেতে নতুন উপায় খুঁজে নেন এবং সেন্সরশিপ উপেক্ষা করে যোগাযোগ রক্ষা করেন।
এই নারীদের সাহসিকতা ও আত্মত্যাগকে স্বীকৃতি জানিয়ে যুক্তরাষ্ট্র তাদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করেছে।