দুদকের অনুসন্ধান: মুন্নী সাহা ও স্বামীর বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চালানো হবে।
এদিকে, গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের বাবা মো. কামরুল ইসলামের দায়ের করা মামলায় শেখ হাসিনা ও তার সরকারের একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ নেতাসহ ৭ সাংবাদিককে আসামি করা হয়, যার মধ্যে মুন্নী সাহাও রয়েছেন।