চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের চীন সফর ইতিবাচক ও বড় একটি সাফল্য। আগে আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে সম্পর্ক একতরফাভাবে গড়ে উঠলেও এখন চীন তাদের কৌশল বদলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়া মহল্লায় নিজ বাসভবনে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চীন বিশ্বে অর্থনৈতিকভাবে দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বাংলাদেশের সঙ্গে তাদের বিনিয়োগ অনেক বেশি। চীন ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে আরও বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, যা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করে মতামত দিয়েছে এবং ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যক্তিগত বিষয়ে তিনি জানান, অসুস্থতার কারণে ঈদ ঠাকুরগাঁওয়ে করা সম্ভব হয়নি, তবে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। ৬ এপ্রিল চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যাবেন।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তার বাসভবনে ভিড় জমায়। দুপুর ৩টার দিকে মির্জা ফখরুল সবার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি মানুষের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, বিএনপি নেতা আনসারুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।