ষড়যন্ত্রের সামনে মাথা নত করা হবে না: মির্জা ফখরুল
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। তিনি জানান, এই ষড়যন্ত্রের সামনে মাথা নত করা হবে না এবং বৈষম্য ও দুর্নীতির অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা লুটপাট, ষড়যন্ত্র, হত্যা ও গুমের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল এবং দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং যখনই ক্ষমতায় আসে, তখনই জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও শিক্ষাব্যবস্থা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনা করে ভালো ফলাফল করা এবং নিজের পায়ে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের লক্ষ্য ও অর্জন জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।
মঞ্চে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসি, বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গম আলী, আনসারুল হক, শরিফুল ইসলাম প্রমুখ।