এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নেত্রকোনা জেলা ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, (২৬ জুন ২০২৫) এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদল এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। পরীক্ষার্থীদের জন্য কলম, স্কেল, খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে এবং অভিভাবকদের জন্য করা হয়েছে হেল্প সেল ও বিশ্রামাগারের ব্যবস্থা।
বৃহস্পতিবার সকালে নেত্রকোণা মহিলা কলেজের সামনে সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়। পরীক্ষার্থীদের মানসিক চাপ লাঘব ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এমন আয়োজন করেছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি প্রমুখ।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।