সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান–শফিকুর রহমান - দিগন্ত জার্নাল

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান–শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক । রাজনাীতি । সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এই ভাষণ সম্প্রচার করা হবে।

একই দিনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাদের ভাষণও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রচার করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এর আগে গতকাল রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। বিটিভিতে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর নেতারা পর্যায়ক্রমে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নিজেদের অবস্থান ও বক্তব্য তুলে ধরছেন।

Home » জাতির উদ্দেশ্যে ভাষণ
an adbox will go here