আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৩ দলের প্রধান
নিজস্ব প্রতিবেদক । রাজনাীতি । সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রধানেরা। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ সন্ধ্যা ৬টা থেকে এসব ভাষণ সম্প্রচার করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর পরপরই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।
এর আগে গতকাল রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। উভয় নেতার ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পর্যায়ক্রমে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান ও দিকনির্দেশনা তুলে ধরছেন।