মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন - দিগন্ত জার্নাল

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

মির্জা আব্বাস, ঢাকা-৮ আসন, শপথ স্থগিত আবেদন, নির্বাচন কমিশন, ভোট কারচুপি, নির্বাচনী অনিয়ম, নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি

নিজস্ব প্রতিবেদক । রাজনাীতি । সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে বিএনপি নেতা মির্জা আব্বাস–এর শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেন। তার পক্ষে আবেদনটি নির্বাচন কমিশনে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে ভোট রিগিং, অবৈধ প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উল্লেখ করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস, তার নেতা-কর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যরা এসব অনিয়মে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারও অনিয়মে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়। এসব অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখার দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকেই ঢাকা-৮ আসনটি আলোচনায় ছিল। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট

an adbox will go here