মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিতের তাগিদ
দিগন্ত জার্নাল ডেস্ক: বুধবার ৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ: মালয়েশিয়ায় বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমিয়ে নিয়োগ মূলত নোংরা, ঝুঁকিপূর্ণ ও কঠিন (৩ডি) কাজের মধ্যে সীমিত রাখার তাগিদ দিয়েছেন দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহরি আবদুল গনি।
সোমবার (২ নভেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনা করা অনেক প্রতিষ্ঠান এখনো বিদেশি শ্রমিকের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এটি শ্রমবাজার ব্যবস্থাপনার বড় সমস্যা।
মন্ত্রী জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২৬ লাখ বিদেশি কর্মী রয়েছেন। ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনা (১৩এমপি) অনুযায়ী এ সংখ্যা পর্যায়ক্রমে কমানোর কথা থাকলেও বাস্তবে তা হয়নি। ১০ থেকে ২০ বছর ধরে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোও বিদেশি শ্রমিক নিয়োগের চাহিদা জানিয়ে আসছে।
বাকরি আসনের সংসদ সদস্য তান হং পিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তান বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ালেও উৎপাদন সচল রাখতে এখনো অদক্ষ শ্রমিকের প্রয়োজন হচ্ছে। তাঁদের অধিকাংশই বিদেশি নাগরিক।
তিনি অভিযোগ করেন, বিদেশি শ্রমিক নিয়োগে আবেদন করা কিছু প্রতিষ্ঠানকে কম খরচে শ্রমিক পেতে ইন্দোনেশিয়া বা ভিয়েতনামে কারখানা সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে মালয়েশিয়ার শিল্প ও বিনিয়োগ খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে ৮ সেপ্টেম্বর জোহরি জানিয়েছিলেন, ৩ডি কাজের জন্য বিদেশি শ্রমিক কেন প্রয়োজন, তা আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। অন্য পদে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করলে প্রস্তাবিত বেতন ও প্রয়োজনীয় যোগ্যতার বিবরণও দিতে হবে।