জমিয়তের সাথে খেলাফত মজলিসের ৯ দফায় ঐক্যমত্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মধ্যে ৯ দফা ঐক্যমত্য হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক সংলাপে দুই পক্ষের শীর্ষ নেতারা অংশ নেন।
বিকেল ৩টায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমীসহ
অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইনসহ নেতারা।
সংলাপে ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:
১. সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং ইসলামবিরোধী কোনো আইন প্রণয়ন না করার নিশ্চয়তা।
২. ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত রাখতে এবং ইসলামী দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য স্থাপনে আন্তঃদলীয় সংলাপ চালিয়ে যাওয়া।
৩. ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন নিশ্চিত করা।
৪. ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যা, খুন, গুমসহ অপরাধের দ্রুত বিচার।
৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভ্যাট বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা।
৬. আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দীদের মুক্তি।
৭. আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবি পূরণসহ মাদরাসা জাতীয়করণ।
দল দুটি আশা প্রকাশ করে, এসব পদক্ষেপ জাতীয় ঐক্যকে শক্তিশালী করবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে।