বিএনপির সঙ্গে বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারা
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরবর্তী আন্দোলন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম-এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি নেতারা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজিজ,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
বৈঠকে নির্বাচন পরবর্তী রাজনৈতিক কৌশল, আন্দোলনকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের কর্মসূচি নিয়ে মতবিনিময় করেছে। এই বৈঠক যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।