উত্তরা বিএনপির দোয়া মাহফিলে হাসিনা নিয়ে তীব্র মন্তব্য
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, “শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি। দেশে এখন আতঙ্ক নেই। ১৮ কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে হাসিনা। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও ভালো হয়নি। অনেক মা-বাবার বুক খালি করেও তার কোনও অনুশোচনা নেই।”
তিনি আরও বলেন, “পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজারদর বৃদ্ধি পেয়েছে। দক্ষিণখানের গুমের শিকার মুন্নার মা-বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম-খুনের রামরাজত্ব কায়েম করেছিল।”
বিএনপি মহাসচিব ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।
এছাড়া উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, মোস্তফা কামাল হৃদয়, আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলফাজ হোসেন, আলমগীর হোসেন শিশির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলাল উদ্দিন তালুকদার।