আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ মেনে নেবেনা: মির্জা ফখরুল
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেষ্টা করে, তবে তা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, আগে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, কারণ স্থায়ী সরকার নির্বাচিত না হলে অরাজকতা সৃষ্টি হবে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা পাড়া-মহল্লায় সন্ত্রাস সৃষ্টি করবে।
মঙ্গলবার যশোর শহরের টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে জনগণ ক্ষতিগ্রস্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং অপরাধমূলক কার্যক্রম বেড়েছে।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছেন। তিনি জানান, যশোর জেলার অন্তত ৮৪ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং সরকার তাদের বিরুদ্ধে নির্যাতন, খুন ও গুমের ঘটনাও ঘটিয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে জাতীয় সংসদ নির্বাচন খুব শিগগিরি করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা প্রস্তাব রয়েছে, যা নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। তিনি নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে।
খুলনা অঞ্চলের পাটকল পুনরায় চালু এবং যশোরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান দেওয়ার আশ্বাস দেন তিনি।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এবং অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিএনপির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সমাবেশটি জনসভায় পরিণত হয়।