নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা নিশিসহ তিন আসামির রিমান্ড আদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং দুই ছাত্রলীগ নেতাকে পাঁচ দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার, বিচারক এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। অপর দুই আসামি হলেন কাউসার ও রমজান, যাদেরও পাঁচদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু আসামি পক্ষ রিমান্ড বাতিলের অনুরোধ জানিয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের বিরোধিতা করে এবং শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানার পান্থপথে এক বিশাল মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা। মিছিলের উদ্দেশ্য ছিল সরকারকে অপদস্থ করা এবং তাদের কার্যক্রমকে গতিশীল করা। তারা উসকানিমূলক স্লোগান দেয় এবং ইলেকট্রনিক মাধ্যমে তাদের কার্যক্রম প্রচার করতে থাকে।