তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় তল্লাশি, তিনজন আটক - দিগন্ত জার্নাল

তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় তল্লাশি, তিনজন আটক

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশি চালানোর নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মধ্যরাতে ‘মব’ তৈরি করে ঘটানো এই ঘটনার পেছনে ওই ভবনের সাবেক তত্ত্বাবধায়ক শাকিল আহমেদের হাত রয়েছে। তিনি লোক জড়ো করে এবং বাসাটিতে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও অস্ত্র লুকিয়ে রাখা হতে পারে—এমন তথ্য দিয়ে তল্লাশি চালাতে উসকানি দেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ২০-২৫ জন লোক বাসাটিতে ঢুকে পড়ে। তারা তল্লাশির অজুহাতে বাসাটি তছনছ, ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে।

৯৯৯ এ খবর পেয়ে রাত সাড়ে ১২টায় গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং তিনজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।

আটকরা হলেন—শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাসাটির কেয়ারটেকারের কাজ করতেন। তিনি বাসাটিতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যেতে পারে বলে জনতাকে উসকানি দেন এবং তাদের তল্লাশির জন্য প্ররোচিত করেন।

এর আগে, গত পরশু রাত সাড়ে ১০টার দিকে একদল জনতা একই অজুহাতে বাসাটিতে প্রবেশের চেষ্টা করে, তবে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং বুঝিয়ে সরিয়ে দেয়।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারো সতর্ক করেছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় জানানো উচিত। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন