রাঙামাটিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৮ নেতাকর্মী বহিষ্কার - দিগন্ত জার্নাল

রাঙামাটিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৮ নেতাকর্মী বহিষ্কার

দিগন্ত জার্নাল ডেস্ক:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি ও কাউখালী উপজেলার ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ মার্চ) রাতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফ আলী, সদস্য মো. আইয়ুব আলী, পৌর যুবদল সদস্য প্রকাশ সরকার ও মো. খোরশেদ জজ মিয়া। এছাড়া, কাউখালী উপজেলার ঘাঘড়া ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন ও উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন মিয়াও বহিষ্কৃত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘাইছড়ির বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে স্বার্থান্বেষী উদ্দেশ্যে দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। ১৭ ফেব্রুয়ারি তারা দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলা চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কাউখালীর সেলিম মাহমুদের বিরুদ্ধে আগেও দুইবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। পুনরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারায় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

an adbox will go here