নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান মোহাম্মদ সেলিম উদ্দিনের
দিগন্ত জার্নাল ডেস্ক :
জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার বিকেলে লালমাটিয়া, সাততলা বস্তি ও মহাখালী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইয়াছিন আরাফাত, বনানী থানা আমির মিজানুর রহমান খানসহ দলটির অন্যান্য নেতারা।
সেলিম উদ্দিন বলেন, সুশাসনের অভাবে দেশে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দিয়ে পাঁচ বছরের মধ্যে দেশকে বস্তিমুক্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।