দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ড. ওয়ারেসুল করিমের - দিগন্ত জার্নাল

দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ড. ওয়ারেসুল করিমের

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিগত ৫৩ বছরে বিভিন্ন সরকার জনগণের সেবা না করে লুটপাট ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এখন সময় এসেছে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।

বুধবার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত গণইফতার কার্যক্রমের ১১তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন। এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উর্দু স্পিকিং রাইটস মুভমেন্টের প্রেসিডেন্ট ওয়াসি আহমেদ ওয়াসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ হাসানসহ এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

ড. ওয়ারেসুল করিম বলেন, এবি পার্টি ব্যাংকের টাকা লুটপাট, চাঁদাবাজি বা টেন্ডারবাজির রাজনীতি করে না। এ দল জনগণের কল্যাণে কাজ করতে চায়। এবি পার্টিই ভবিষ্যতের নতুন বাংলাদেশ গঠনের যোগ্য দল।

সভাপতির বক্তব্যে লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন বলেন, এবি পার্টি নাগরিকদের সচেতন করে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের মানুষ নাগরিক হয়ে উঠলেই একটি কল্যাণরাষ্ট্র গড়া সহজ হবে।

গণইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয়, মহানগর, যুব ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

an adbox will go here