সরকারকে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের আহ্বান সাইফুল হকের - দিগন্ত জার্নাল

সরকারকে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের আহ্বান সাইফুল হকের

দিগস্ত জার্নাল ডেস্ক :

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সাত মাস পার হলেও শ্রমজীবী মেহনতি মানুষের প্রত্যাশা পূর্ণ হয়নি। তিনি বলেন, রাজনীতির ডামাডোলে শ্রমজীবীদের বাঁচার দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি এবং তাদের কেবল আশ্বাসে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

সোমবার বিকালে কামরাঙ্গীরচরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ২৫ রোজার মধ্যে পোশাকশ্রমিকসহ শ্রমজীবী মেহনতি মানুষের সব বকেয়া বেতন, ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করতে।

সাইফুল হক আরও বলেন, সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করে নৈরাজ্যের বিস্তার ঘটছে এবং গণঅভ্যুত্থানের সাত মাসেও মানুষের জীবনে স্বস্তি আসেনি। তিনি বলেন, যদি পরিস্থিতি এরকম চলতে থাকে, তবে জনগণের জানমাল আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে এবং সরকারের ভালো উদ্যোগও কাজে আসবে না। তিনি সরকারের কাছে এজেন্ডা সীমিত করে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানের পর নারীর নিরাপত্তা গুরুতর হুমকির মধ্যে রয়েছে। নারী বিদ্বেষী প্রচারণা তাদের নিরাপত্তা আরও বিপন্ন করে তুলছে। তিনি ধর্ষণ, নারী নিপীড়ন ও নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মীর রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্থানীয় সংগঠক ফরিদ হোসেন, মোহাম্মদ কাবিলা, মোহাম্মদ কবির, দোলন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সিপাল সাব্বির হোসেন প্রমুখ।

an adbox will go here