জাগপার নিবন্ধন ফিরে পেল, হাইকোর্টের রায়ে বাতিল অবৈধ ঘোষণা - দিগন্ত জার্নাল

জাগপার নিবন্ধন ফিরে পেল, হাইকোর্টের রায়ে বাতিল অবৈধ ঘোষণা

দিগন্ত জার্নাল ডেস্ক :

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং বিচারপতি ফয়েজ আহমেদের দ্বৈত বেঞ্চ। এই রায়ের মাধ্যমে ৩৬ নম্বর নিবন্ধন ফিরে পেল জাগপা। ১৯৮০ সালের ০৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করা জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করেছিল। তবে একযুগেরও বেশি সময় পর ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দেয়। প্রায় ৪ বছর ২ মাস পর এই নিবন্ধন ফেরত পেল।

তাৎক্ষণিক অনুভূতিতে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, “মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। দেশ ও জনগণের প্রয়োজনে জাগপার সংগ্রাম চলবে।”

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী অবস্থান। তাই ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতীয় আগ্রাসনমুক্ত বাংলাদেশে সত্যের জয় হয়েছে।” তিনি আরও বলেন, “শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং জাগপা তার রাজনৈতিক অধিকার নিবন্ধন ফিরে পেয়েছে।”

an adbox will go here