সুপ্রিম কোর্টে মাহে রমাদানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দিগন্ত জার্নাল ডেস্ক ;
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আদালত অঙ্গনে আমি বহুবার এসেছি; মুক্ত মানুষ হিসেবে নয়, বন্দি হিসেবে। আজ মুক্ত পরিবেশে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে এবং আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুনিয়াতে বহু পেশা আছে, তবে আইনজীবীদের নামের পূর্বে ‘বিজ্ঞ’ শব্দটি ব্যবহৃত হয়, যা তাদের বিশেষ মর্যাদার প্রতিফলন। আইনজীবীরা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের উচিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে মানবতার কল্যাণে কাজ করা। ইসলামের আইনের ভিত্তিতে মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হতে হবে।
এড. জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এড. মতিউর রহমান আকন্দ, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।