সংবিধান সংস্কার ও ন্যায়বিচারের আহ্বান নাহিদ ইসলামের
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা ১৯৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, তখনও সংস্কারের কথা বলা হলেও নির্বাচিত সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবার আমরা চাই না জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই এনসিপির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানাচ্ছি।”
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে শহিদ পরিবার, আহত, বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, “গত ১৫ বছরে চলমান অন্যায়, নিপীড়ন ও নির্যাতনের বিচার না করেই আমরা যদি নির্বাচনের দিকে এগোই, তবে নির্বাচন-পরবর্তী সময়ে ন্যায়বিচার নিশ্চিত হবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা দেখতে পাচ্ছি, সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে এবং এটি নিয়ে অনাগ্রহ দেখানো হচ্ছে। তাই আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান হলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে নতুন অধ্যায় সৃষ্টি করতে চায়। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই।”
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা ন্যায়বিচার ও মানবিক মর্যাদার কথা বলছি। জনগণের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
সিরাজগঞ্জের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “জুলাই আন্দোলনে তারা যেভাবে ভূমিকা রেখেছে, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ অগ্রণী ভূমিকা রাখবে। এটি আমাদের অন্যতম সাংগঠনিক ঘাঁটিতে পরিণত হবে।”
স্থানীয় নেতাদের জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের পাশে দাঁড়ানোই জাতীয় নাগরিক পার্টির মূলমন্ত্র।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টিএম মুশফিক সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এসএম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহিদ পরিবারের প্রতিনিধি ফজল হোসেন, আহত মহসিন রেজা প্রমুখ।