দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদ আনন্দ আমাদের জন্য আলাদা। অনেক তফাৎ রয়েছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি।”

সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “যিনি যে পদে আছেন সেই মোতাবেক কাজ করবেন, সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পালনের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অবশ্যই পালন করব।”

তিনি আরও বলেন, “আমরা ১৬ বছর ধরে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ভাতের অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছি।”

মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “আমরা আমাদের নেতার মাজার জিয়ারত করেছি, দোয়া করেছি। একই সঙ্গে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেছি। ১৬ বছরের আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের জন্যও দোয়া করেছি।”

an adbox will go here