শহিদ পরিবারের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের ঈদের কুশল বিনিময়
দিগন্ত জার্নাল ডেস্ক:
চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদ ১৪ বছরের কিশোর জুনায়েদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষ করে তিনি শহিদ জুনায়েদের বাসায় যান এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মহান আল্লাহর দরবারে শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণে সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কামাল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এআর আজাদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জামায়াত আমির ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের হামলায় শহিদ সাইফুল্লাহ মাসুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, সার্বিক খোঁজ-খবর নেন এবং শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।