এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
দিগন্ত জার্নাল ডেস্ক:
১ এপ্রিল ২০২৫, সরকার এপ্রিল মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন মূল্য কাঠামোতে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটার দাম ১০৫ টাকা, পেট্রোলের ১২২ টাকা এবং অকটেনের ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। তবে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার কারণে বাংলাদেশেও প্রতি মাসে মূল্য সমন্বয় করা হয়। তবে এবারের সিদ্ধান্তে তেলের দাম না বাড়ায় পরিবহন ও শিল্প খাতে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।