আইএমএফের ঋণের দুই কিস্তির অর্থ পেতে এপ্রিলে ঢাকা আসছে প্রতিনিধি দল
দিগন্ত জার্নাল ডেস্ক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রথমবারের মতো কিস্তি পেতে ধাক্কা খেলেও, চলতি মাসে সেই সংকট কাটিয়ে উঠতে পারে। আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের আগে শর্ত পর্যালোচনা করতে আগামী ৫ এপ্রিল ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি ৬ এপ্রিল থেকে দুই সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। এ সফরে তারা অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করবে। সফর শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে দলটি।
২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয়। এরপর তিন কিস্তির মাধ্যমে বাংলাদেশ প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে। তবে চতুর্থ কিস্তির অর্থছাড়ের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়, যদিও সরকার আশা করছে, আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ২৩৯ কোটি ডলার একসঙ্গে পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফের ঋণের দুই কিস্তির অর্থ পেতে বাংলাদেশের তিনটি বড় শর্ত পূরণ করতে হবে— মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা, জিডিপির ০.৫ শতাংশ হারে রাজস্ব আদায় বৃদ্ধি এবং এনবিআরের রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি আইএমএফের বড় কোনো দলের দ্বিতীয় সফর হতে যাচ্ছে।