সোনার দামে রেকর্ড বৃদ্ধি, এক বছরে বেড়েছে প্রায় ৪৭ হাজার টাকা
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোনার দাম বাড়ছেই। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দর ঊর্ধ্বমুখী। বর্তমানে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনা কিনতে খরচ হচ্ছে দেড় লাখ টাকার বেশি। অথচ এক বছর আগেও এর দাম ছিল ১ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৪৭ হাজার টাকা।
গত তিন মাসে ১৪ বার বেড়েছে এবং মাত্র তিনবার কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) মোট ১৭ বার সোনার দর পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ২৮ মার্চ সোনার দাম বাড়ানোর পর ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের বাজারেও এর প্রভাব পড়ছে। বাংলাদেশে সোনার খনি নেই এবং সোনা উৎপাদিতও হয় না, ফলে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করেই দেশের দাম নির্ধারিত হয়।
বর্তমানে ২১ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, শেয়ারবাজার থেকে বিনিয়োগ প্রত্যাহার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপকহারে সোনা কেনার প্রবণতা এর পেছনের মূল কারণ। ২০২৪ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো টানা তৃতীয় বছরের মতো এক হাজার টনের বেশি সোনা কিনেছে, যা মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।