বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
দিগন্ত জার্নাল ডেস্ক:
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার যশোরের শার্শা উপজেলায় ঈদের তৃতীয় দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার দিকে, যশোর বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে। শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২০) এবং মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (২২)। রাসেল হোসেন উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং জাহিদ হোসেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, রাসেল ও জাহিদ মোটরসাইকেল যোগে নাভারণ থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। শার্শা স্টেডিয়ামের সামনে পৌঁছালে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় আঘাত পান, ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রাইভেট কারটির চালক পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।