ভোজ্যতেলের নতুন দাম কার্যকর: সয়াবিনে লিটারপ্রতি ১৪ টাকা বৃদ্ধি - দিগন্ত জার্নাল

ভোজ্যতেলের নতুন দাম কার্যকর: সয়াবিনে লিটারপ্রতি ১৪ টাকা বৃদ্ধি

দিগন্ত জার্নাল ডেস্ক:
ভোজ্যতেল মিলমালিকেরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন। নতুন দাম অনুসারে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের মূল্য এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন মূল্য রবিবার থেকেই কার্যকর হয়েছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বর্তমানে ৯২২ টাকা, যেখানে আগের মূল্য ছিল ৮৫২ টাকা। শুধু বোতলজাত তেল নয়, খোলা সয়াবিন ও পাম তেলের দামও বৃদ্ধি পেয়েছে। এখন খোলা সয়াবিন ও পাম তেল বিক্রি হবে প্রতি লিটার ১৬৯ টাকায়, যা আগে ছিল ১৫৭ টাকা।

এর আগে গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের সর্বশেষ মূল্যবৃদ্ধি হয়েছিল। তখন প্রতি লিটার সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা। জানা যায়, ঈদের আগে ২৭ মার্চ মিলমালিকেরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রস্তাব দেন। তারা বোতলজাত সয়াবিনে প্রতি লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিনে ১৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দেন।

রমজান উপলক্ষে সরকারের দেওয়া কর-সুবিধার মেয়াদ শেষ হয় গত ৩১ মার্চ। এর পরদিন থেকেই মিলমালিকেরা নতুন দাম কার্যকরের ঘোষণা দেন এবং বিষয়টি লিখিতভাবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে জানান। ঈদের ছুটি শেষে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয় দাম নির্ধারণে। গত সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আলোচনার পর অবশেষে নতুন দাম নির্ধারণ করা হয়।

an adbox will go here