রাজস্ব ব্যবস্থায় দেশজ প্রযুক্তির ওপর জোর দিতে টিআইবির আহ্বান - দিগন্ত জার্নাল

রাজস্ব ব্যবস্থায় দেশজ প্রযুক্তির ওপর জোর দিতে টিআইবির আহ্বান

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়নে অটোমেশন অত্যাবশ্যক হলেও তা বাস্তবায়নে দাতা সংস্থার পরামর্শ অন্ধভাবে অনুসরণ না করে দেশজ প্রযুক্তি ও সক্ষমতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এমন মত প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বিগত সময়ে একাধিক ডিজিটাইজেশন ও অটোমেশন প্রকল্প নেওয়া হলেও তা কাঙ্ক্ষিত ফল দেয়নি। বরং এসব প্রকল্প ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধান না করেই সরকার নতুন করে প্রায় এক হাজার কোটি টাকার বিশ্বব্যাংক-নির্ভর প্রকল্পের পরিকল্পনা করছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত দেড় দশকে রাজস্ব খাতে অন্তত তিনটি বড় ডিজিটাল প্রকল্প নেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান সুফল আসেনি। তিনি উল্লেখ করেন, এখনো আয়কর রিটার্ন দাখিল বা ভ্যাট সংগ্রহ কার্যক্রম কাগুজে পদ্ধতির ওপর নির্ভরশীল। ফলে হয়রানি ও দুর্নীতি অব্যাহত রয়েছে, জালিয়াতি ও করফাঁকি কমেনি এবং কর-জিডিপি অনুপাতও হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন, নতুন প্রকল্প গ্রহণের আগে বিগত প্রকল্পগুলোর ব্যর্থতা ও সীমাবদ্ধতা খতিয়ে দেখে দেশীয় প্রযুক্তির দক্ষতা কাজে লাগাতে হবে, যাতে প্রকৃত অর্থেই রাজস্ব ব্যবস্থার সংস্কার সম্ভব হয়।

an adbox will go here