প্রথম পরিচয় মানুষ: তাসমিয়া তহুরা
দিগন্ত জার্নাল সাহিত্য | প্রবন্ধ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | বড় হতে হতে জীবন আমাদের শেখায়—আসল মানবতার জন্ম হয় কখনো উচ্চকণ্ঠে চিৎকার করে নয়, বরং নিঃশব্দতার গভীর থেকে। আমরা যখন ছোট ছিলাম, ভাবতাম সাহসিকতা মানেই দৃপ্ত কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু বয়সের আবর্তে প্রবাহিত হতে হতে বুঝি, সত্যিকারের সাহস জন্ম নেয় নীরবতা থেকে, আত্মার নিভৃত কোনো কোণে। বাহ্যিক সাফল্য, বাহারি পরিচয়, বাহুল্য প্রদর্শন—এসব কেবল ছায়া। প্রকৃত আলো জ্বলে ভেতরে, গভীর আত্মার আয়নায়।
আজ সফলতার সংজ্ঞা বদলে গেছে আমার কাছে। বড় কোনো পদ বা নাম নয়, বরং কোনো এক অসহায় মুখের সামনে দাঁড়িয়ে যখন নিজেকে ক্ষুদ্র মনে হয়, সেখানেই জন্ম নেয় সত্যিকারের উত্তরণ। মানুষের পাশে দাঁড়ানোর সাহস—সেই তো প্রকৃত জয়ের চাবিকাঠি। কারণ, মানবতার পরিমাপ কখনোই বাহ্যিক অর্জনে হয় না; হয় ভেতরের মানবিক উত্তাপে, যেখানে প্রতিটি হৃদস্পন্দনে অনুরণিত হয় অন্যের জন্য বাঁচার স্পন্দন।
দুঃখজনক হলেও সত্য, প্রতিযোগিতার হাওয়ায় অনেক আত্মা শুকিয়ে যায়। বিবেকের মৌসুম যেন এখানে চিরপাতাঝরা। একে একে ঝরে পড়ে মানবিক অনুভূতির পাতা। তথাপি কিছু হৃদয় এখনো বেঁচে থাকে—নিরব, অবিচল, দীপ্তিমান। তারা নিঃশব্দ আলো ছড়িয়ে যায় অন্ধকারে, তারা সমাজের অদেখা বাতিঘর। সেই হৃদয়গুলো, যারা হার মানে না, কারও করতালির অপেক্ষায় থাকে না; বরং আপন নীরব দীপ্তিতে জাগিয়ে রাখে মানবতার আগুন।
সমাজ গঠনের মানে কখনোই দেয়াল তোলা নয়। সমাজ গড়ার মানে হলো এমন এক পথ নির্মাণ, যেখানে হাত বাড়ালেই আরেকটি হাতের উষ্ণ স্পর্শ পাওয়া যায়। সমাজ মানে বিভাজন নয়, সমাজ মানে সংযোগ। আর এই সংযোগের ভিত্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা, সহানুভূতি, ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ। মানুষ হওয়া কোনো একদিনের গন্তব্য নয়; এটা এক আজীবন চলমান যাত্রা—ভেতরের অন্ধকারের বিপরীতে এক অন্তর্গত অভিযাত্রা। প্রতিনিয়ত নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে, নিজেকে ছাপিয়ে, নিজেকেই নির্মাণ করার নামই তো মানুষ হওয়া।
আমরা যারা এখনো অনুভব করি, যারা এখনো বাতাসে প্রশ্ন ছুঁড়ে দিই, যারা কেবল বর্তমান নয়, ভবিষ্যতেরও স্বপ্ন দেখি—আমাদের দায়িত্বই সবচেয়ে বড়। কারণ ঘুমন্ত পৃথিবী জাগবে না কোনো দৈব প্রভাবে; তাকে জাগাতে হবে আমাদের হৃদয়ের আবেগ দিয়ে, মস্তিষ্কের বোধ দিয়ে।
একাকী কিছুই বদলায় না। একাকী কোনো বিপ্লব হয় না। পরিবর্তন আসে তখনই, যখন একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যায়। মানুষ যখন মানুষের জন্য দাঁড়ায়, তখনই জেগে ওঠে আগামীকাল। নতুন সূর্য তখনই উদিত হয়, যখন অন্তর থেকে অন্তর জাগে।
এই জাগরণের ধ্বনি হয়ে উঠুক আমাদের চেতনার মূল সুর। মনে রাখতে হবে, মানুষ হওয়ার প্রথম পরিচয় ‘মানুষ’ই। আর সেই পরিচয়, এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—সবচেয়ে সুন্দর জয়।