দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক - দিগন্ত জার্নাল

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দিগন্ত জার্নাল অর্থনীতি

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) দেশের বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩ হাজার ২৬৭ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির নির্বাহী পরিচালকদের বোর্ড ইতোমধ্যে এই ঋণ অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকোভার, ইমার্জেন্সি প্রিপারিডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে। গত বছরের আগস্টে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনরুদ্ধার, টেকসই অবকাঠামো নির্মাণ ও পুনর্বাসন, কৃষি উন্নয়ন এবং মানুষের জীবিকার সুরক্ষায় এই অর্থায়ন ব্যবহৃত হবে।

প্রকল্পটির আওতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের গ্রামীণ অঞ্চল ও বন্যা সুরক্ষা অবকাঠামো উন্নয়ন করা হবে। এতে প্রায় ১৬ লাখ মানুষ উপকৃত হবে। ৭৯টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন করা হবে, যা স্বাভাবিক সময়ে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া জলবায়ু সহিষ্ণু সংযোগ সড়ক ও সেতু নির্মাণ, বন্যা প্রতিরোধ বাঁধের মেরামত ও পুনর্বাসন, খাল পুনঃখনন এবং বন্যা পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত।

বিশ্বব্যাংকের বাংলাদেশবিষয়ক অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে অগ্রণী দেশ হলেও ক্রমবর্ধমান ঝুঁকি এবং ঘন ঘন দুর্যোগ দেশের অর্থনীতি ও জনগণের জীবনমানের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। এ অবস্থায় দুর্যোগের বিরুদ্ধে স্থিতিশীলতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

বিশ্বব্যাংকের সিনিয়র ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট স্বর্ণা বলেন, “প্রকল্পটি একই সঙ্গে পুনরুদ্ধার ও পুনর্গঠনের চাহিদা এবং দীর্ঘমেয়াদি দুর্যোগ স্থিতিশীলতার বিষয়টিকে গুরুত্ব দেয়। ভৌত অবকাঠামোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে নৌকা, সরঞ্জাম, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে দুর্যোগ প্রস্তুতিতে সহায়তা করা হবে।”

বিশ্বব্যাংক মনে করে, এই প্রকল্পের মাধ্যমে পূর্বাঞ্চলীয় জেলাগুলোর জীবনমান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতের বন্যার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

an adbox will go here