ভারতের নিষেধাজ্ঞা ইস্যুতে সচিব পর্যায়ের বৈঠকে সমাধান চায় বাংলাদেশ - দিগন্ত জার্নাল

ভারতের নিষেধাজ্ঞা ইস্যুতে সচিব পর্যায়ের বৈঠকে সমাধান চায় বাংলাদেশ

দিগন্ত জার্নাল অর্থনীতি

বুধবার , (২১ মে ২০২৫) স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ বেশ কয়েকটি পণ্যে ভারতের আমদানিনিষেধের বিষয়ে সচিব পর্যায়ের বৈঠকে সমাধান খোঁজার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ভারত সরকারকে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “ভারতের পদক্ষেপের বিপরীতে আমরা কোনো পাল্টা ব্যবস্থা নিচ্ছি না। বরং আলোচনা করে সমস্যার সমাধান চাচ্ছি। কারণ এই নিষেধাজ্ঞায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নৌপরিবহণ, পররাষ্ট্র, জাতীয় রাজস্ব বোর্ড, স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ ও ভারত-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাণিজ্য সচিব জানান, ভারতের পদক্ষেপে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেনাপোল দিয়ে প্রতিদিন যে ২৫০-৩০০ ট্রাক পণ্য ভারতে যায়, তার বড় অংশই তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠের আসবাব ও ফলজাতীয় পণ্য। গত ১৭ মে ভারত সরকার এসব পণ্যের স্থলবন্দর আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে এসব পণ্য বেনাপোলে আটকা পড়ে।

তিনি আরও জানান, “আমরা ব্যবসায়ীদের মতামত নিয়েছি এবং তা নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করব। আমাদের লক্ষ্য পরিস্থিতির অবনতি না ঘটিয়ে সমাধানে পৌঁছানো। ভারতকে অনুরোধ করা হবে— আসুন, আলোচনা করে সমস্যার সমাধান করি।”

বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে ভারতের সঙ্গে বাণিজ্য চালু থাকা ১৬টি স্থলবন্দরের মধ্যে ৮০ শতাংশ আমদানি-রপ্তানি হয় বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে। বিকল্প হিসেবে ভারতের নবসেবা ও কলকাতা বন্দরের উল্লেখ থাকলেও সেসব পথে পরিবহন খরচ ও সময় বেশি হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহ কম।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বাণিজ্য সচিবের সঙ্গে একটি বৈঠক চেয়ে চিঠি পাঠানো হয়েছে। উত্তরের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যেই বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে বলে জানানো হয়।

an adbox will go here