বাজারের নিয়ন্ত্রণে ডলার, ব্যাংকে বেড়ে ১২২.৮০ টাকা - দিগন্ত জার্নাল

বাজারের নিয়ন্ত্রণে ডলার, ব্যাংকে বেড়ে ১২২.৮০ টাকা

দিগন্ত জার্নাল অর্থনীতি

বুধবার ,(২১ মে ২০২৫) বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। মঙ্গলবার দেশের বিভিন্ন ব্যাংকে ডলারের সর্বোচ্চ বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৮০ পয়সা, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। তবে কিছু ব্যাংকে ন্যূনতম দর ছিল ১২২ টাকা।

বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স রেটেও ধারাবাহিকভাবে বাড়ছে ডলারের দাম। মঙ্গলবার দিনের শুরুতে রেট ছিল ১২২.৪৩ টাকা, যা দিন শেষে কমে ১২২.৩১ টাকায় দাঁড়ায়। গড় দাম ছিল ১২২.৬৩ টাকা।

গত বুধবার (১৪ মে) থেকে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণ থেকে সরে এসে বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে এখন চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলারের দর নির্ধারিত হচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, কিছু দুর্বল ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কিনছে, ফলে তারা সেই ডলার বেশি দামে বিক্রি করছে— এতে করে বাজারে ডলারের মূল্য আবারও বেড়ে যাচ্ছে।

তবে বেশিরভাগ ব্যাংক এখনো আমদানিকারকদের কাছে ১২২ টাকার মধ্যেই ডলার বিক্রি করছে।

এদিকে আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে প্রবাসী আয় (রেমিট্যান্স) বাড়ছে। একই সঙ্গে রপ্তানি আয়ের প্রবাহও কিছুটা বেড়েছে। যদিও আমদানি ব্যয়ও বাড়ছে, তবু এখনো তা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে কার্ব মার্কেট ও মানি চেঞ্জার হাউজগুলোতে ডলারের দর স্থিতিশীল রয়েছে। চলতি সপ্তাহে কার্ব মার্কেটে ডলার সর্বোচ্চ ১২৬ টাকায় এবং মানি চেঞ্জার হাউজে একই দামে বিক্রি হচ্ছে। ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে ১২৩ থেকে ১২৪ টাকায়।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাজারের ওপর ছেড়ে দেওয়ার কারণে ডলারের দরে স্বাভাবিক ওঠানামা থাকবে, তবে রপ্তানি ও রেমিট্যান্স বাড়তে থাকলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করা যায়।

an adbox will go here