বড় ঈদ ঘিরে বাজারে আসছে নতুন টাকার নোট, থাকছে না মুজিবের ছবি - দিগন্ত জার্নাল

বড় ঈদ ঘিরে বাজারে আসছে নতুন টাকার নোট, থাকছে না মুজিবের ছবি

দিগন্ত জার্নাল অর্থনীতি

বৃহস্পতিবার , (২২ মে ২০২৫)
আসন্ন (বড় ঈদ) ঈদুল আজহা উপলক্ষে বাজারে নতুন টাকার নোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এবারের নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। গত ঈদুল ফিতরের আগে শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিতর্কের কারণে নতুন নোট বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। এবার সেই বিতর্ক এড়াতে নোটের নকশায় পরিবর্তন আনা হয়েছে।

গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতোমধ্যেই ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নকশার নোট ছাপার কাজ শুরু করেছে। এই নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এবং পূর্বের পরিচিত নকশা ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে এবং ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে নির্দিষ্ট করে কোন তারিখে কোন নোট আসবে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, টাঁকশালে ২০ টাকার নোটের ছাপা প্রায় শেষ এবং আগামী সপ্তাহে এটি বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। এরপরের সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোট হস্তান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংক পরে সেগুলো বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা এবং পরে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ করা হবে। ঈদের ছুটির আগেই সীমিত সংখ্যক নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে চাহিদার তুলনায় নতুন নোটের ছাপা কম হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, শেখ মুজিবের ছবিসহ নোট নিয়ে বিতর্ক শুরু হলে গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেয়। একইসঙ্গে ব্যাংকের শাখাগুলোতে থাকা নতুন নোট সংরক্ষণ করতে বলা হয়। এর ফলে দেশের বাজারে ছেঁড়াফাটা পুরনো নোটের চলাচল বেড়ে যায়, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার সেই সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

an adbox will go here