বিদেশে পুঁজি বিনিয়োগে উৎসাহ, কমছে মুনাফা পুনঃবিনিয়োগ - দিগন্ত জার্নাল

বিদেশে পুঁজি বিনিয়োগে উৎসাহ, কমছে মুনাফা পুনঃবিনিয়োগ

অর্থনীতি ডেস্ক:
২৩ মে ২০২৫।
বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে পুঁজি বিনিয়োগের প্রবণতা বাড়ছে। ২০২৪ সালে দেশ থেকে ২ কোটি ৪৯ লাখ ডলার বা প্রায় ৩০৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ কোটি ৩৬ লাখ ডলার বেশি। বৃদ্ধির হার ১২০ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মূলধন নিয়ে উদ্যোক্তারা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন ভারতে (৩ কোটি ২০ লাখ ডলার)। এরপর রয়েছে হংকং (১ কোটি ৮৯ লাখ), আরব আমিরাত (১ কোটি ৪৩ লাখ), আয়ারল্যান্ড (২২ লাখ) এবং দক্ষিণ আফ্রিকা (৭ লাখ) ডলার।

বিনিয়োগের খাতগুলোর মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান, খনিজ, মেশিনারিজ, টেক্সটাইল, ফার্মা, সেবা ও ট্রেডিং। তবে বিদেশে কার্যরত কোম্পানিগুলোর অর্জিত মুনাফা দেশে না এনে পুনঃবিনিয়োগের প্রবণতা কমেছে। ২০২৩ সালে এই খাতে বিনিয়োগ ছিল ২ কোটি ডলার, যা ২০২৪ সালে নেমে এসেছে ১ কোটি ২৯ লাখ ডলারে—হ্রাস ৩৫ দশমিক ৫০ শতাংশ।

আন্তঃকোম্পানি ঋণ নিয়ে বিনিয়োগও কমেছে, বরং ঋণ পরিশোধ বেড়েছে ১৯ শতাংশ। ২০২৪ সালে আন্তঃকোম্পানি ঋণ পরিশোধ হয়েছে ৩ কোটি ৬ লাখ ডলার। এই সময়ে বিদেশে বাংলাদেশের মোট বিনিয়োগের স্থিতি ৩৫ কোটি ৬ লাখ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৩২ কোটি ২৩ লাখ ডলারে—কমেছে ৮ দশমিক ০৯ শতাংশ।

অন্যদিকে দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) ধারাবাহিকভাবে কমছে। ২০২১ সালের পর থেকে তিন বছর ধরে এই ধারা বজায় রয়েছে। ২০২৪ সালে এফডিআই এসেছে ১২৭ কোটি ডলার, যা ২০২৩ সালের তুলনায় ১৩ দশমিক ২০ শতাংশ কম। এর মধ্যে ৪৯ শতাংশ এসেছে আন্তঃকোম্পানি ঋণ হিসেবে, ৪৩ শতাংশ নিট মূলধন হিসেবে এবং ৮ শতাংশ মুনাফা পুনঃবিনিয়োগ। সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে ট্রেডিং খাতে—৩২ দশমিক ৮০ শতাংশ।

an adbox will go here