ঈদে বাজারে আসছে নতুন নোট, থাকবে না কারও ছবি - দিগন্ত জার্নাল

ঈদে বাজারে আসছে নতুন নোট, থাকবে না কারও ছবি

অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন টাকা। নতুন নোটে কোনো ব্যক্তির ছবি না রেখে দেশের ঐতিহাসিক স্থাপনা স্থান পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (২৪ মে) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

গভর্নর জানান, ঈদে বাজারে আসবে নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। ইতোমধ্যে ২০ টাকার নোট ছাপা প্রায় শেষ, আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। এরপর ৫০ ও ১০০০ টাকার নোট বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেবে। টাঁকশাল সূত্রে জানা গেছে, আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নতুন নোট ছাপার সিদ্ধান্ত নেয়। নতুন নকশার নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে, তাই প্রথম ধাপে কেবল ৩টি মূল্যমানের নোট ছাপানো হচ্ছে।

গভর্নর আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। ইতোমধ্যে বিদেশে থাকা অর্থ ফ্রিজ হওয়ায় তা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্কিম উদ্বোধনের প্রসঙ্গে তিনি জানান, পিকেএসএফ অংশীদার এমএফআইগুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিলের ভিত্তিতে ব্যাংক ঋণের গ্যারান্টি দেওয়া হবে। ঋণের গ্যারান্টির জন্য এককালীন ০.৫ শতাংশ কমিশন ধার্য হবে। এতে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে ঋণ পাবেন। সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামে পাঁচটি বেসরকারি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া আর্থিক সচেতনতা বাড়াতে ব্যাংকগুলোকে দেশের প্রতিটি স্কুলের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গভর্নর।

an adbox will go here