ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর
দিগন্ত জার্নাল অর্থনীতি:
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ | বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংক লোকসানে থাকলে ওই ব্যাংকের কর্মকর্তারা আর বোনাস পাবেন না। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।
গভর্নর বলেন, “ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন লস হয়, তাহলে কোনোভাবেই ডিভিডেন্ড ও বোনাস দেওয়া যাবে না। তিন মাসের ঋণ অনাদায়ী থাকলেই সেটিকে নন- পারফর্মিং লোন হিসেবে ধরা হবে।”
তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে অর্থ ব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এরই অংশ হিসেবে সুশাসন নিশ্চিত হওয়ায় হুন্ডি কমেছে এবং প্রবাসী আয়ের লিকেজ হ্রাস পেয়েছে। আগে যেখানে ৩০ শতাংশ লিকেজ হতো, এখন তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
আহসান এইচ মনসুর বলেন, “আমদানি কমেনি, তবে মূল্য কমেছে। অতীতে মূল্য বাড়িয়ে অর্থ পাচার করা হতো, বর্তমানে সে সুযোগ নেই। ফলে ব্যয়ও কমেছে। রিজার্ভ বৃদ্ধির পেছনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
ডলার পরিস্থিতি প্রসঙ্গে গভর্নর জানান, গত এক মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে এক বিলিয়ন ডলার কিনলেও দামের কোনো বৃদ্ধি হয়নি। বর্তমানে ডলারের সংকট নেই, তবে টাকার সংকট রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, “চালের দাম বাড়ায় আগস্টে কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে। তবে আমাদের লক্ষ্য ৫ শতাংশের নিচে নামিয়ে আনা।”
খেলাপি ঋণ প্রসঙ্গে গভর্নর সতর্ক করে বলেন, জুন মাসের রিপোর্ট অনুযায়ী ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, রোববার থেকে সরকারের সঙ্গে ৫টি ব্যাংক একীভূত করার আলোচনা শুরু হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে কর্মকর্তা ও আমানতকারীরা উপকৃত হবেন।