বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলার
দিগন্ত জার্নাল অর্থনীতি:
রবিবার ,৫ অক্টোবর ২০২৫ | দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম–৬) পদ্ধতিতে এই রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভ ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার থাকলেও, আইএমএফের মানদণ্ড অনুযায়ী রিজার্ভের পরিমাণ তুলনামূলক কম।
বিশ্লেষকরা বলছেন, সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকা প্রয়োজন। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে অবস্থান করছে। তবে কেন্দ্রীয় ব্যাংক আশা প্রকাশ করেছে, রপ্তানি আয় বৃদ্ধি ও প্রবাসী আয় প্রবাহের উন্নতির মাধ্যমে আগামী মাসগুলোতে রিজার্ভ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।